Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশক্রিকেটখেলাধুলা

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশ নারী দল

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ দল।

অন্যদিকে চলমান বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ বাংলাদেশকে হারিয়েই নিতে চায় শ্রীলংকা।

পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে খেলতে নামে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে টাইগ্রেসরা। বিশ্বকাপে নিজেদের প্রথম লক্ষ্য পূরণের পর টানা চার ম্যাচ হারে নিগার সুলতানার দল।

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটের হার বরণ করে নেয় বাংলাদেশ। এরমধ্যে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া করে টাইগ্রেসরা।

৫ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। এ অবস্থায় সেমিফাইনালে খেলার সুযোগ এখনও আছে টাইগ্রেসদের। এজন্য শেষ দুই ম্যাচ তো জিততেই হবে, পাশাপাশি স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের হারের অপেক্ষায় থাকতে হবে। ভারত ৪ ম্যাচ ও নিউজিল্যান্ড ৫ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট সংগ্রহ করেছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আজ ভারত জিতে গেলে এবং কাল শ্রীলংকার কাছে টাইগ্রেসরা হেরে গেলে সেমিফাইনালে খেলার স্বপ্ন ধুলিসাৎ হয়ে যাবে।

আর যদি আজ ভারত হেরে যায় এবং শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে ভালভাবে টিকে থাকবে বাংলাদেশ।

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের দ্বিতীয় লক্ষ্য পূরণে মরিয়া বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে এ ম্যাচ থেকে আমরা শিক্ষা নিতে চাই। সর্বশেষ দুই ম্যাচ থেকে আমরা ইতিবাচক অনেক কিছু অর্জন করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের শুরুটা ভাল হয়েছে। পাওয়ার প্লেতে মাত্র ১ উইকেট হারিয়েছি। তবে বড় জুটি গড়তে পারিনি। এমন কন্ডিশনে আমাদের আরও বেশি রান করা উচিত ছিল। ধারাবাহিকভাবে ব্যাটাররা ভাল করতে পারছে না। আমাদের আরও ধারাবাহিক পারফরমেন্স করতে হবে।’

চলতি বিশ্বকাপে এখনও জয়ের দেখা পায়নি শ্রীলংকা। ৫ ম্যাচ খেলে ৩টিতে হেরেছে এবং ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে তারা। শেষ দুই ম্যাচ জিতলেও সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে লংকানদেরও। ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশ দু’বার হেরেছে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।

সংশ্লিষ্ট খবর

Back to top button