
সোহেল রানা মালদ্বীপ প্রতিনিধি: ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (DSCSC) ঢাকার ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল প্রশিক্ষণের অংশ হিসেবে মালদ্বীপ সফর করছে। সফরকালে প্রতিনিধিদল মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন।
সোমবার (৮ই সেপ্টেম্বর) নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে প্রতিনিধিদলের উর্ধ্বতন কর্মকর্তাগণ সৌজন্য সাক্ষাত করেন। কর্নেল মো. শরিফুল আলম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। হাইকমিশনের হলরুমে আয়োজিত এ সভায় মিশনের কর্মকর্তারা ও তিন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মালদ্বীপ ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
প্রতিনিধিদলের সম্মানে স্থানীয় একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। এতে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম ছাড়াও মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত স্টাফ কলেজের প্রাক্তন গ্র্যাজুয়েটগণ অংশ নেন।
আলোচনায় দুই দেশের কর্মকর্তারা অভিজ্ঞতা বিনিময়, কৌশলগত পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা নিয়ে মতবিনিময় করেন। শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সেনা কর্মকর্তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসআর/বাংলা টিভি



