
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক মারমা ছাত্রীকে পাঁচজন মিলে গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং এখনও পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন ও মিছিল করেছে স্থানীয় মারমা যুব সমাজ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রুমা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিণ করে হিন্দু মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মারমা যুব সমাজের সভাপতি মংহাইনু মারমা। এতে প্রধান অতিথি ছিলেন, রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের যুব নেতা রিপন ত্রিপুরা ও নারীবাদী প্রতিনিধি রেএংময় বম। এছাড়াও শতাধিক স্থানীয় অধিবাসী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা আটক তিন আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং পলাতক দুইজনকে অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান।
প্রধান অতিথি শৈহ্লাচিং মারমা অভিযোগ করে বলেন, “এটি একটি স্পষ্ট ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও কিছু স্থানীয় দালাল সামাজিক বিচারের নামে ধর্ষণের মতো জঘন্য অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যারা এমন অপচেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।”
এসময় মংহাইনু মারমা বলেন, “ধর্ষণের ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে সব আসামিকে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।”
স্থানীয়রা এ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।
এসআর/বাংলা টিভি



