
জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে,এখানে একটি-দুইটি দলকে খুশি করার আকাঙ্ক্ষা ছিলো বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন,এই ঘোষণাপত্রে যে দরদ থাকার কথা ছিল বাক্যে, শব্দে ও ভাষায় আমরা সেগুলো দেখতে পাইনি। এটার মধ্যে কোনো প্রাণ ছিল না।তিনি বলেন,নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করতে পারবে কি না সন্দেহ রয়েছে। কমিশন যে গতিতে আগাচ্ছে তাতে আমরা সন্তুষ্ট নই।
এসময় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,এত বড় অবিস্মরণীয় গণঅভ্যুত্থানের পর একটা ঘোষণাপত্র দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। কিন্তু এর বক্তব্য, গাঠনিক শৈলী, অভিপ্রায়ের অভিব্যক্তি পুরোনো ধাঁচের হয়েছে। ঔপনিবেশিক যুগের মুক্তিসংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, শাহবাগে ফ্যসিবাদের উত্থান পর্ব, ৫ই মে’র জাগরণ ও আলেমদের উপর গণহত্যা, বিডিআর হত্যাকান্ড, কোটা সংস্কার থেকে নিরাপদ সড়ক আন্দোলন, রাষ্ট্র মেরামতের জনআকাঙ্ক্ষা হয়ে রাষ্ট্র সংস্কারের দৃঢ় প্রত্যয়ের স্মৃতিমন্ডিত ইতিহাস ঘোষণাপত্রে আরও স্পষ্টত: উল্লেখ থাকবে বলে আমরা আশা করেছিলাম।
এবি পার্টি চাই এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল যেন সবার জন্য অলংকারিক বস্তু হয়ে না থাকে। সহস্রাধিক শহীদের প্রাণ ও লক্ষ কোটি হৃদপিণ্ডের রক্ত বিধৌত এই দলিল আমাদের অত্যাবশ্যকীয় পালনীয় নির্দেশিকা আকারে যেন থাকে।
বাংলা টিভি / বুলবুল



