Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।

ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগে দুর্দান্ত পারফরমেন্স করে ৭ উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলে এক ম্যাচ বাকী থাকতে সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।

আগামীকালের ম্যাচ জিততে পারলে প্রথবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়ে টাইগাররা।

গত মে মাসে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠের সুবিধা নিয়ে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। টি-টোয়েন্টিতে এই প্রথমবার পাকিস্তানকে অলআউট করল বাংলাদেশ। তাসকিন ২২ রানে ৩টি ও মুস্তাফিজ ৬ রানে ২ উইকেট নেন। জবাবে ওপেনার পারভেজ হোসেন ইমনের হাফ-সেঞ্চুরিতে ২৭ বল বাকী থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মিরপুরের উইকেটে পাকিস্তানের ব্যাটাররা যেখানে সমস্যায় পড়েছে সেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে বাংলাদেশ। বিশেষ করে সফরকারী বোলারদের সামনে দাপটের সাথে ব্যাট করেছেন ওপেনার পারভেজ। ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলে পাকিস্তানের বিপক্ষে ২৩ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশকে চতুর্থ জয় এনে দেন পারভেজ।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন জয়ই এসেছে মিরপুরের ভেন্যুতে। তাই মিরপুরেই সিরিজ দ্বিতীয় ম্যাচ হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচেও একই পরিকল্পনায় খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, ‘আমরা অবশ্যই উইকেট সম্পর্কে জানি কারণ মিরপুরে আমরা অনেক ক্রিকেট খেলেছি। ব্যাট করার জন্য এই উইকেট সহজ নয়। তবে আমরা যেভাবে ব্যাট করেছি, সেটি দুর্দান্ত ছিল।’

আগামীকালের ম্যাচের জন্য বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। কারণ জয় পাওয়া একাদশ নিয়েই খেলতে নামার লক্ষ্য থাকবে স্বাগতিকদের।

সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া পাকিস্তান। দলের প্রধান কোচ মাইক হেসন বলেন, ‘আমরা শুরুটা ভালভাবে করেছিলাম। ফখর জামানের চার-পাঁচটি চমৎকার শটে, আমরা উইকেট সম্পর্কে ভুল ধারণা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছি। যখন হঠাৎ করে বল ঢুকে যেতে লাগল ও বল লাফাতে লাগল তখন আমরা সঠিকভাবে নিজেদের মূল্যায়ন করতে পারিনি। ঐ সময় ঝুঁকিপূর্ণ শট খেলা চ্যালেঞ্জিং ছিল।’

বাংলাদেশ দল : লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম হোসেন, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।
পাকিস্তান দল : সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নাওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।

সংশ্লিষ্ট খবর

Back to top button