Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে তৃতীয় দিনের মতো উত্তাল রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস শহর। বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ বলছে, আগুন নেভানোর জন্য তারা ওই এলাকায় যাওয়ার চেষ্টা করছে।

বিক্ষোভকারীদের টিয়ার শেল ব্যবহার করে পিছু হটানোর নির্দেশ দিয়ে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্যালিফোর্নিয়ার গভর্নর সেনা মোতায়েনের নির্দেশ বাতিলের জন্য ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। আরেকজন ডেমোক্র্যাটিক গভর্নর প্রেসিডেন্টের নির্দেশকে ‘উদ্বেগজনক ক্ষমতার অপব্যবহার’ বলে উল্লেখ করেছেন।

এদিকে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলে একটি গুরুত্বপূর্ণ সড়ক অচল করে দেওয়ার পর পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে।

সড়কটি আবার চালু করার জন্য বেশ কয়েকজনকে আটক করতে হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কটি একবার চালুর পরপরই আবার বন্ধ করে দিতে হয়েছে বলে তারা জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্স- এ পুলিশ জানিয়েছে-সড়কটিতে বিভিন্ন জিনিস ছোঁড়ার কারণে ও পুলিশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ১০১ ফ্রিওয়ে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

বিক্ষোভকারীরা যখন তৃতীয় দিনের মতো সমবেত হচ্ছিলো, তখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েছে।

গত শনিবার ইমিগ্রেশন বিভাগের কর্মীরা যেখানে অভিযান চালিয়েছিলো, বিক্ষোভকারীরা সেখানেই সমবেত হচ্ছিলো, যার ফলে একটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে গিয়েছিলো।

শহরের মেয়র কারেন ব্যাস বলেছেন, প্রশাসনের উস্কানির কারণেই এই বিশৃঙ্খল অবস্থার তৈরি হয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তা উত্তাপ আরও বাড়িয়েছে ।

গভর্নরের অনুরোধ ছাড়াই কোনো প্রেসিডেন্ট কর্তৃক ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত অনেকটাই নজিরবিহীন।

টানা দুই দিন বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভ অব্যাহত থাকলে সব জায়গা সৈন্য মোতায়েন করা হবে। অন্যদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, উত্তেজনা বাড়লে মেরিন সেনা ডাকা হতে পারে।

এর আগে দুই দিনও সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

এদিকে

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের প্রমাণ না দিয়েই বিক্ষোভকারীদের ‘পেইড বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করেছেন।

গভর্নর গ্যাভিন নিউসম ও মের ব্যাস-এর দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য লস অ্যাঞ্জেলসের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।

“এরা প্রতিবাদকারী নয়, এরা সমস্যা সৃষ্টিকারী এবং বিদ্রোহী,” লিখেছেন মি. ট্রাম্প।

লস অ্যাঞ্জেলস মেয়র কারেন ব্যাস বিক্ষোভকারীদের তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার আহবান জানিয়েছেন এবং বলেছেন ‘আমরা লস অ্যাঞ্জেলসের মানুষের সাথে আছি’।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) অভিযানে এ সপ্তাহে লস অ্যাঞ্জেলেস থেকে ১১৮ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button