Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedআন্তর্জাতিকএশিয়া

জুমার নামাজ চলার সময় ভূমিকম্পে মসজিদ ধসে নিহত অন্তত ২০

মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুরে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশ। ভূমিকম্পের ফলে মিয়ানমারে বহু অবকাঠামো ধসে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২৫ জন এবং থাইল্যান্ডে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পে মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদসহ অন্তত চারটি মসজিদ ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এক উদ্ধারকর্মী জানিয়েছেন, নামাজ চলাকালীন মসজিদগুলো ধসে পড়ে এবং অনেকে আটকা পড়েন।

এছাড়া, ভূমিকম্পে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু এবং মান্দালয় প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুয়াঙ্গো সিটিতে একটি মঠ ধসে পাঁচ উদ্বাস্তু শিশুর মৃত্যু হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭, যা মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও প্রবল কম্পন অনুভূত হয়েছে। সেখানে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে, যেখানে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে সাতজন বেরিয়ে আসতে পারলেও ৪৩ জন আটকে পড়েন। উদ্ধারকাজ চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button