ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়ল ৩০ তলা ভবন

থাইল্যান্ডে ভয়াবহভাবে অনুভূত হয়েছে আজকের ভূমিকম্প। এতে দেশটির রাজধানী ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। পুলিশ এবং চিকিৎসাকর্মী সূত্রে জানা গেছে। ভবনে কর্মরত ৪৩ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ভবনটি নির্মাণ করা হচ্ছিল। ব্যাংককের উত্তরে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যে এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভূমিকম্পে ব্যাংককে আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী ওই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তরপশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটির তীব্রতা ছিল ৭ দশমিক ৭। কয়েক মিনিট পর একই এলাকায় ৬ দশমিক ৪ তীব্রতার একটি আফটারশক অনুভূত হয়।
থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, তিনি ভূমিকম্পের পর ‘জরুরি বৈঠক’ করতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তাঁর নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন।



