আগামীকাল রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটির মুখোমুখি হবে আর্সেনাল। এই প্রতিযোগিতায় সবশেষ দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হারার পর ড্র করেছে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।
ইউরোপ সেরার মঞ্চে নিজেদের সবশেষ ম্যাচে এই আর্সেনালই মেতে ওঠে গোল উৎসবে। আইন্দোহোভেনের মাঠে শেষ ষোলোর প্রথম লেগে জেতে ৭-১ ব্যবধানে।
ম্যাচটি থেকে অনুপ্রেরণা নিয়ে ইউনাইটেডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আর্তেতা। আপাতত দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া প্রতিপক্ষকে অবশ্য সমীহই করছেন তিনি। তাদের দৃঢ়তা ও ঐতিহ্যের কথা মনে করিয়ে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, যে কোনো সময়ে বিপজ্জনক হয়ে যেতে পারে ইউনাইটেড।
শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্টে পিছিয়ে আছে আর্সেনাল। তিনে থাকা নটিংহ্যামের চেয়ে এগিয়ে আছে ৬ পয়েন্টে।
ব্যবধান আরও বাড়ানোর দিকেই মনোযোগ আর্তেতার। তা করতে আইন্দহোভেন ম্যাচের পুনরাবৃত্তি দেখতে চাইলেন আর্সেনাল কোচ।
তিনি বলেন, সেখানে যা হয়েছিল, আমরা বক্সে খুবই কার্যকর ছিলাম…যে কারণে আমরা ওই ব্যবধানে ম্যাচ জিতেছি। যেভাবে আমরা ম্যাচটা জিতেছি, তা সবাইকে উজ্জীবিত করেছে, তবে দুর্ভাগ্যজনকভাবে এটা এখন অতীত। আজ আমরা কী করছি, সেটাই এখন গুরুত্বপূর্ণ, কালকের জন্য প্রস্তুতি নেওয়া রোববার আবারও অসাধারণ পারফরম্যান্সের পুনরাবৃত্তির চেষ্টা করা।



