Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্যযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ, কানাডার বাণিজ্য যুদ্ধ শুরু

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) থেকে শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ। কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্য আমদানিতে তাৎক্ষণিকভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

একইসঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ইতোমধ্যেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ান পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের ব্যাপক শুল্ক আরোপের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তিনি “বাণিজ্য যুদ্ধ” বলে অভিহিত করে বলেছেন, এটি “আমেরিকান পরিবারগুলোকেই প্রথম এবং সর্বাগ্রে ক্ষতি করবে”।

ট্রুডো জোর দিয়ে বলেন, কানাডিয়ানরা “যুক্তিসঙ্গত” এবং “ভদ্র”, কিন্তু লড়াই থেকে পিছপা হবে না, বিশেষ করে যখন দেশের কল্যাণ ঝুঁকিতে থাকে।

মঙ্গলবার পার্লামেন্ট হিল থেকে বক্তৃতাকালে ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেন এবং বলেন, শুল্ক আরোপের বিষয়টি “অত্যন্ত বোকা জিনিস”। তিনি কানাডার মতো ঘনিষ্ঠ মিত্র এবং মার্কিন অংশীদারের ওপর শুল্ক আরোপ করার সময় ভ্লাদিমির পুতিনের সাথে (ট্রাম্পের) কাজ করার যুক্তি নিয়েও প্রশ্ন তোলেন। অতীতে পুতিনকে “খুনি এবং স্বৈরশাসক” বলে অভিহিত করেছিলেন ট্রুডো।

ট্রুডো বলেন, “আজ যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। (কানাডা) যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এবং মিত্র, তার (আমেরিকার) সবচেয়ে কাছের বন্ধু।”

এদিকে বাণিজ্য যুদ্ধের শুরুতেই কানাডার বিভিন্ন প্রদেশের নাগরিকদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কানাডিয়ানরা বলেছেন এটা সম্পূর্ণ অনৈতিক, এতে শুধু কানাডিয়ানরাই ক্ষতিগ্রস্ত হবে না,  যুক্তরাষ্ট্রের নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে উভয় দেশই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button