ভোরে থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবলকে বরখাস্ত
বৃহস্পতিবার ভোরে ঢাকার চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে গুলশান থানার একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করার কথা জানান তিনি।
ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে।
এ অবস্থায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিটি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। যেন সাধারণ মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলোও ফাংশন করছে। যৌথবাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে।”



