
বর্তমানে অনেকের কাছেই আমরা সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই। অনেকেই সুন্দর সুন্দর কথা বলছেন। তবে বিগত ১৫ বছরে যখন বিএনপির হাজারো নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছিল, ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল, গুম-খুন করেছিল তখন তাদের আমরা কথা বলতে দেখিনি। তখন একমাত্র বিএনপিই স্বৈরাচারদের চোখে আঙুল দেখিয়ে বিরোধিতা করেছে। এখানেই বিএনপির সাথে অন্যান্য দলের পার্থক্য। আমাদের বিশ্বাস ছিল স্বৈরাচারের পতন হবে।
তারেক রহমান বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ। আমরা চাই দেশের পুনর্গঠন। সেই লক্ষ্যে ৩১দফা বাস্তবায়ন করতে হবে। এসব দফার মধ্যে প্রথম ও প্রধান কাজ হলো-ভেঙে পড়া রাষ্ট্রের কাঠামো পূনর্গঠন। খাল কাটার মাধ্যমে কৃষকের সেচের ব্যবস্থা করা, দেশের শিক্ষা ব্যাবস্থাকে দৃঢ় করা, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি বলেন, লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর মধ্যে কোন কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কিছু কাজ করেছেন যাদের আমাদের নৈতিক সমর্থন দেয়া সম্ভব নয়। তাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। রাজনীতির অন্যতম মূল স্লোগান হলো জনগণের সম্মতি থাকে না এমন কাজ না করা। তাই আমরা সেটা করেছি। এটিকে দলের দূর্বলতা হিসেবে উপস্থাপন করবেন না।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।



