সৌদিতে রুশ কূটনীতিক, আলোচনায় বসছেন ট্রাম্প কর্মকর্তাদের সঙ্গে

সৌদি আরবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও ক্রেমলিনের জ্যেষ্ঠ এক উপদেষ্টাকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান এবং মস্কো-ওয়াশিংটন সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে তাদের।
আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার ওই কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।
এর আগে গত বুধবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য আলোচনা শুরু করবেন তারা।
এসময় টেলিফোনে আলাপকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এই দুই রাষ্ট্রনেতা মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি, মার্কিন ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে পুতিনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ পুতিনের অনুরোধে রিয়াদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
তিনি বলেছেন, মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তারা একটি বৈঠক করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। বৈঠকে রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধের অবসান এবং রুশ-আমেরিকান সম্পর্কের জটিলতা নিরসনের দিকে মনোনিবেশ করবেন।
এদিকে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রিয়াদে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ সাক্ষাৎ করবেন বলে জানানো হলেও মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধানের সাক্ষাতের বিষয়ে মন্তব্য করতে পেশকভ অস্বীকৃতি জানিয়েছেন।
তাছাড়া ক্রেমলিনের ওই মুখপাত্র চলতি মাসের শেষের দিকে পুতিন ও ট্রাম্প সৌদি আরবে মুখোমুখি বৈঠক করবেন কি না, এই প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন।



