
মেজর লিগ ক্রিকেটের আসছে আসরের ড্রাফট সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো জমা দিয়েছে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা। অনেক বড় তারকাদেরই ড্রাফটের জন্য ছেড়েছে দলগুলো। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে যেমন আর ধরে রাখেনি এলএ নাইট রাইডার্স। তার সাথে তালিকায় আরও আছেন ডেভিড মিলার, জেসন রয় ও অ্যাডাম জাম্পার মত আন্তর্জাতিক তারকারাও।
এই কয়েকজন বড় মাপের খেলোয়াড় ছেড়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ান বাঁহাতি দ্রুত স্পেন্সার জনসনকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডম ১৫ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যা সব দলের মধ্যে সর্বোচ্চ। তবে অজি ওপেনার ট্রাভিস হেডকে ছেড়ে দিয়েছে দলটি, যিনি গত বছর অধিনায়ক স্টিভেন স্মিথের সাথে দলটির যৌথ-সর্বোচ্চ স্কোরার ছিলেন। ছেড়ে দেওয়া খেলোয়াড়ের মধ্যে আরও আছেন আকিল হোসেইন ও অ্যান্ড্রু টাইও।
গত আসরের রানার্স-আপ সান ফ্রান্সিসকো ইউনিকর্নস তাদের অধিকাংশ খেলোয়াড়দের ধরে রেখেছে, যেখানে আছেন ফিন অ্যালেন এবং জেক ফ্রেজার-ম্যাকগার্করা। তবে ছেড়ে দিয়েছে প্যাট কামিন্স, ম্যাট হেনরি এবং জস ইংলিসকে।
সিয়াটল অরকাস মাত্র সাতজন খেলোয়াড়কে ধরে রেখেছে, যা ছয়টি দলের মধ্যে সবচেয়ে কম। তারা মাত্র দুজন বিদেশী খেলোয়াড়কে ধরে রেখেছে, তারা হলেন দুই দক্ষিণ আফ্রিকান হেনরিখ ক্লাসেন ও রায়ান রিকেলটন। ছেড়ে যাওয়া সাত বিদেশী খেলোয়াড়দের মধ্যে আছেন কুইন্টন ডি কক, মাইকেল ব্রেসওয়েল, ওবেদ ম্যাককয় এবং নান্দ্রে বার্গাররা।
প্রথম আসরের চ্যাম্পিয়ন এমআই নিউইয়র্ক ধরে রেখেছে ট্রেন্ট বোল্ট, নিকোলাস পুরান, রশিদ খান ও কাইরন পোলার্ড। তবে ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার পেস জুটি রাবাদা, আনরিখ নরকিয়া এবং টিম ডেভিড ও ডিওয়াল্ড ব্রেভিসকে।
টেক্সাস সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ফাফ দু প্লেসিস এবং ডেভন কনওয়েকে। আরও আছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবং আফগান বাঁহাতি রিস্ট স্পিনার নূর আহমেদও। আর ছেড়ে দেওয়া হয়েছে মিচেল স্যান্টনার, মাথিশা মাথিরানা, ড্যারিল মিচেল ও নাভিন-উল-হককে।
আগামী ১৯ ফেব্রুয়ারি হবে মেজর লিগ ক্রিকেটের ড্রাফট।



