
সচরাচর এমনটা হয় না বললেই চলে। সাধারণত যত নিশ্চিত হোক না কেন, একজন খেলোয়াড়কে ক্লাবে নেওয়ার ঘোষণা ক্লাবগুলো দেয় আনুষ্ঠানিক বিবৃতি বা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমেই। তবে নেইমারের হাই-প্রোফাইল সাইনিং নিয়ে রোমাঞ্চের কারণেই কিনা, ক্লাবের আগে সান্তোস ক্লাব সভাপতি মার্সেলো টেক্সিরা ঘোষণা দিয়ে দিয়েছেন ব্রাজিল তারকার ক্লাবের প্রত্যাবর্তনের।
আল হিলালের সাথে চুক্তি বাতিলের পরই নিশ্চিত হয়ে গেছে নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি। এরই মধ্যে ব্রাজিলের অনেক খেলোয়াড়রা তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্টও দিয়েছেন। তবে ক্লাবের ব্যাপারটা সবসময়ই আলাদা। কারণ, লিখিতভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবল ক্লাব খেলোয়াড় দলে টানার ঘোষণা দেয়।
তবে ব্যতিক্রম ঘটালেন সান্তোস সভাপতি। নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট দিয়ে টেক্সিরা নেইমারকে সান্তোসে স্বাগত জানিয়েছেন। তবে ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিশ্চিত হয়ে গেছে নেইমারের শৈশবের ক্লাবে ফেরাটা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর খবর অনুযায়ী, আপাতত ছয় মাসের জন্য নেইমারের সাথে চুক্তি করবে সান্তোস। সাবেক বার্সেলোনা তারকার এখনও ইউরোপিয়ান কোনো ক্লাবে ফেরার ইচ্ছা রয়েছে। আর তাই সান্তোসের ইচ্ছা, সেই সুযোগ রেখে নেইমারকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ধারের চুক্তিতে খেলতে দিয়ে এরপর আবার ক্লাবে ফেরানোর।
সান্তোসের যোগ দেওয়ার জন্য নেইমার আল হিলালের সাথে চুক্তি বাতিল করে ছেড়ে দিয়েছেন প্রায় ১০ মিলিয়ন ইউরো। চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে মাত্র ৭ ম্যাচেই শেষ হয়েছে তার পথচলা।



