Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আইন - শৃঙ্খলাঅপরাধবাংলাদেশ

খালি হচ্ছে ইজতেমার মাঠ, নিরাপত্তা জোরদার

টঙ্গীতে ইজতেমার মাঠ ও আশপাশের তিন কিলোমিটারের মধ্যে সভা-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারির পর ময়দান ছাড়তে শুরু করেছেন লোকজন।

বুধবার গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা বলা হয়েছে।

এর পর থেকেই আগতদের মাঠ ছেড়ে চলে যেতে দেখেন স্থানীয়রা।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, “নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।”

মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখল রাখাকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত উভয় পক্ষের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাঠ ছাড়ার প্রসঙ্গে সাদপন্থি মুয়াজ বিন নূর বলেন, “সরকারের সঙ্গে আমাদের মুরুব্বিদের আলোচনার পর মাঠ ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর থেকে আমাদের মুসল্লিরা চলে যাচ্ছেন। গতকাল আসার পথে বিভিন্ন স্থানে আমাদের মুসল্লিরা বাধার সম্মুখিন হয়েছেন। এজন্য আজ ফেরার পথে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আমরা শঙ্কিত।”

জতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার

এদিকে, সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন হয়েছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ।

বুধবার ইজতেমা ময়দানের প্রবেশপথ টঙ্গী মুন্নু টেক্সটাইল মিল গেইট ও কামারপাড়া মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি দেখা গেছে।

এছাড়া টঙ্গীর স্টেশন রোড, বাটা গেইট এলাকাতেও রয়েছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, তাবলীগ জামাতের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button