
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিরুদ্ধে যেসব গুম-খুনের অভিযোগ উঠেছে, তার জন্য বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, ‘র্যাবের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে গুম ও খুনের। নারায়ণগঞ্জের সাত খুনসহ সেসব বিষয়ে সবার কাছে ক্ষমা চাইছি।’
এদিকে গুম ও হত্যার জন্য ক্ষমার নামে দায়মুক্তি না দিয়ে বরং প্রকৃত সত্য উদঘাটন ও দোষীদের শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবী জানিয়েছে, বিগত সরকারের সময় গুমের শিকার হওয়া ব্যক্তিদের সন্ধানের দাবিতে তাদের আপনজনদের উদ্যোগে গড়ে তোলা সংগঠন ‘মায়ের ডাক’।
একইদিন (বৃহস্পতিবার) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মায়ের ডাকের পক্ষ থেকে তাৎক্ষণিক এ দাবি জানান সংগঠনটির অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের দীর্ঘ একযুগের সংগ্রামের পর কিছু বাহিনী অন্তত পক্ষে শিকার করেছে, তারা জোড়পূর্বক গুম খুনের সাথে জড়িত ছিল। আমরা জোরপূর্বক গুমের শিকার পরিবারসমূহ এবং মানবাধিকারকর্মীবৃন্দ জোরালোভাবে মনে করি যে, শুধুমাত্র ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। আমাদের প্রিয়জনদের জোরপূর্বক গুম বা হত্যার পেছনে যারা জড়িত, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে সুষ্ঠ ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া প্রয়োজন। আমরা বারবার আমাদের পরিবার ও প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য বিচার দাবি করে আসছি, কিন্তু কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি।’
বিজ্ঞপ্তিতে, গুম-খুনের সাথে জড়িত রাষ্ট্রীয় বাহিনীর চিহ্নিত ব্যক্তিদের আইনের আওতায় আনা ও আয়নাঘর ধ্বংস করাসহ কয়েক দফা দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
এসআর



