সতর্ক না করেই ভারত পানি ছাড়ায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে: রিজওয়ানা

অতি বৃষ্টি এবং সতর্ক না করেই উজান থেকে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণে ময়মনসিংহ অঞ্চলে বন্যা ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় উজান ও ভাটির দেশগুলোর সঙ্গে একসাথে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
রোববার জলবায়ু বিষয়ক প্রকল্প অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস (কপ) নেটওয়ার্ক কনভেনশনে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
রিজওয়ানা হাসান বলেন, “ইতোমধ্যে বন্যা চলে গেলো, কিন্তু পানি তো আর কমে না। এর কারণ হচ্ছে, সমুদ্র থেকে জোয়ার আসে। এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে, এজন্য বন্যার পানি নামার উপায় নেই”।
এদিকে শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও জামালপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের রোববার বেলা তিনটার প্রতিবেদন অনুযায়ী ভুগাই, নীল জিঞ্জিরাম ও কংস এই তিনটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এই তিন নদীর তীরে শেরপুর, জামালপুর এবং নেত্রকোনা জেলার অবস্থান।
এদিকে বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।



