Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

নিরাপত্তারক্ষী ও গণমাধ্যমকর্মীসহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীসহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে।

নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস-বাইডেন বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকার যে প্রতিকূলতার মধ্যে রয়েছে, সেটি নিয়ে বাইডেনের সঙ্গে আলোচনা করতে পারেন ড. ইউনূস।

এদিকে জানা গেছে, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন।

চলতি বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধান ছাড়াও জাতিসংঘের শীর্ষ স্থানীয় কিছু কর্মকর্তা, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সংস্থার প্রধান এ অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা তার সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button