
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডে ছয় উইকেটে ৩৩৯ রান জমা করলো ভারতীয় ক্রিকেট দল।
প্রথম সেশনে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়লেও শেষ সেশনটা বেশ নির্ভার গেছে ভারতের। এই সেশনের ৩২ ওভারে কোনো উইকেট ব্যয় না করেই তারা ১৬৩ রান তুলেছে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। মাত্র ৩৪ রানেই ভারতের তিন ব্যাটারকে ফেরত পাঠিয়ে সেই সিদ্ধান্তের সপক্ষেই কথা বলছিল হাসান মাহমুদের বোলিং।
একে একে রোহিত শর্মা, শুভমান গিল ও ভিরাট কোহলির বিদায়ের ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন জয়সওয়াল ও পন্ত।
কিন্তু ১৭৬ রানেই খরচের খাতায় ছয় ব্যাটসম্যান।
চা-বিরতির পর রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনের ব্যাটে থিতু হয় ভারত।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া অশ্বিন ১০২ এবং জাদেজা ৮৬ রানে অপরাজিত আছেন।



