
গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
তিনি বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে। শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
নাহিদ জানান, গণভবন যেমন আছে, তেমনই থাকবে। নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা আর আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষদের তালিকা।
জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটিও করা হবে বলেও জানান আইসিটি উপদেষ্টা।



