Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশরাজনীতিসরকার

নির্বাচিত সরকারকে উৎখাতে বিএনপি-জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: কাদের

আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই আগামীকাল (রোববার) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া, ৫ আগস্ট বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে ক্ষমতাসীন দলটি।

শনিবার ( ৩ আগস্ট ) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, “একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না, সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। আমরা এখন নতুনভাবে ৫ অগাস্ট বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকী, যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা রোববার নতুন করে প্রোগ্রাম দিয়েছি।”

আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, “এই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ফিরিয়ে এনেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতে বিএনপি-জামায়াত অপচেষ্টা চালাচ্ছে।”

বিএনপি বার বার জনগণ দ্বারা ‘প্রত্যাখাত’ ও রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “যে কোনো আন্দোলন দেখলেই সেটাকে সরকার উৎখাতে নিয়ে যেতে উন্মুখ হয়ে থাকে। সরকার সকল উসকানি ও নৈরাজ্য ধৈর্য, সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে।”

ওবায়দুল কাদের বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করে সরকার পতনের পাঁয়তারা করছে বিএনপি। দেশবিরোধী সংকট জিইয়ে রেখে ফায়দা লোটার চেষ্টা করছে তারা। দলটি লাশের রাজনীতি করছে।”

তিনি বলেন, “অবুঝ শিশুর মৃত্যুতে আওয়ামী লীগের কোনো লাভ নেই। লাভ তাদের, যারা শিশুর লাশ ফেলে ফায়দা লুটতে চায়। বিএনপি যে ৩২ শিশুর মৃত্যুর কথা বলেছে, তাদের তালিকা চায় আওয়ামী লীগ।”

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button