Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়াজনদুর্ভোগবাংলাদেশ

রেমালের তান্ডবে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’ উপকূল অতিক্রম করলেও রেখে গেছে ক্ষত। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। উপকূলীয় এলাকায় অসংখ্য বাড়িঘর ভেঙে পড়ার পাশাপাশি, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। রিমালের প্রভাবে দমকা বাতাস,ঝড়ো-বৃষ্টি অব্যাহত রয়েছে। কয়েক লাখ মানুষ আশ্রয় নিয়েছেন, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ভোলার লালমোহন উপজেলার চর উমেদ ইউনিয়নে ঘরের ওপর গাছ পড়ে মনেজা খাতুন নামে এক নারী,দৌলতখান পৌরসভায় রাইশা নামে ৪বছরের এক শিশু ও বোরহানউদ্দিনে গাছ চাপায় জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়াও বিধ্বংস্ত হয়েছে বসতঘর। ক্ষয়ক্ষতি হয়েছে শহর রক্ষাবাঁধের। পানি বন্দী হয়ে পড়েছে বেড়ীবাঁধের বাইরে কয়েক হাজার পরিবার।

রিমালের আঘাতে খুলনার উপকূলীয় অঞ্চল কয়রা ও দাকোপ উপজেলার ৫টি স্থানের বাঁধ ভেঙে,৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছ,বিধ্বস্ত হয়েছে কাঁচা-পাকা ঘরবাড়ি। এতে অন্তত দুটি গ্রাম ও কয়েকশ’ চিংড়ি ঘের তলিয়ে গেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

রিমালের প্রভাবে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে বাগেরহাটে। এতে জেলার বিভিন্ন নদ-নদীর পানি, ২ থেকে ৫ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পানির প্রবল চাপে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে মৎস্য ঘের। পানিবন্দি রয়েছে কয়েক হাজার পরিবার।

এছাড়াও নোয়াখালীর বিভিন্নস্থানে ভারি বর্ষন ও ঝড়ো হাওয়া বইছে। বেড়িবাঁধ না থাকায়,জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম প্লাবিত হয়ে,প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ ঘর বন্দি হয়ে পড়েছেন।

এদিকে,চাঁদপুরে ভোর ৪টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মধ্যরাত থেকে চাঁদপুর-ঢাকাসহ, সব নৌ রুটে নৌযান চলচাল বন্ধ রাখা  হয়েছে। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

অন্যদিকে, ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বান্দরবানের বিভিন্ন পাহাড়ের পাদদেশে, নদীর তীরবর্তীসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের, নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এছাড়া পটুয়াখালী, সাতক্ষীরা, কুমিল্লা ও চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় ঘূর্ণিঝড়ের তান্ডবে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button