ধৈর্য ধরো, বিচার হবে : আনারের মেয়েকে বলেছেন প্রধানমন্ত্রী

ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি। বিচার হবে।’
বুধবার (২২ মে) বিকেল সোয়া তিনটার দিকে মুমতারিন ফেরদৌস ডরিন তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা লিখেছেন।
ফেসবুক স্ট্যাটাসে ডরিন লেখেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছেন তুমি বলেছিলে আমি চেষ্টা করে খুঁজে পেয়েছি। ধৈর্য্য ধরো তুমি। বিচার হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার (২২ মে) রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, ‘আমাদের ঝিনাইদহের একজন সংসদ সদস্য গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দুদিন পর থেকে আমরা আর তার খোঁজখবর পাইনি। তার মেয়ে উদ্বিগ্ন হয়ে আমাদের জানায়। আমাদের পুলিশ ঘটনাটি নিয়ে ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিল।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা আজকে সকালে সুনিশ্চিত হয়েছি। ভারতীয় পুলিশ আমাদের জানিয়েছে, তিনি (আনোয়ারুল আজিম) খুন হয়েছেন। ইতোমধ্যে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে আমাদের পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্ত চলছে।’
বাংলা টিভি / এমএএইচ



