ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী

ঘুষ গ্রহণের অভিযোগে রাশিয়ার উপ- প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকে আটক করেছে দেশটির শীর্ষ তদন্দকারী সংস্থা। তাকে আটকের আগে বিষয়টি অবহিত করা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।
তিনি গত আট বছর ধরে এই পদে ছিলেন। রাশিয়ার সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বেও তিনি। গতকাল মঙ্গলবার তাঁকে আটক করা হয়।
এক বিবৃতিতে রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা জানায়, তৈমুরকে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। বড় ধরনের ঘুষ নেওয়ার সন্দেহে তাঁকে আটক করা হয়েছে।
২০২২ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি বিরোধী সংস্থা রাশিয়া অ্যান্টি-করাপশন ফাউন্ডেশন তৈমুরের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, তৈমুর ও তাঁর পরিবার বিলাসবহুল জীবনযাপন করে।
রুশ স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, পূর্ব ইউক্রেনীয় শহর মারিউপোল পুনর্নির্মাণের প্রকল্পের দায়িত্বে ছিলেন তৈমুর। রাশিয়া ইউক্রেনে হামলার পর এ অঞ্চলটি দখল করে নেয়।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তৈমুরকে আটকের বিষয়ে একটি প্রতিবেদন প্রেসিডেন্ট পুতিনের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকেও তার আটকের বিষয়ে আগেই জানানো হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অভিযোগ প্রমাণিত হলে ১৫ বছরের জেল হতে পারে তৈমুরের।
যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিন সাইবারনেটিক্স এবং পারমাণবিক শিল্পের বিশেষজ্ঞ তৈমুরকে রাশিয়ার নিরাপত্তা কাঠামোর অন্যতম ধনী ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত করেছে।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার শুরুর পর তৈমুরই আটক হওয়া সবচেয়ে জ্যেষ্ঠ রুশ সরকারি কর্মকর্তা। তিনি ২০১০ সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ে যোগদানের আগে জ্বালানি খাতে কাজ করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



