
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে পড়েছে রাইদা পরিবহনের বেপরোয়া গতির একটি বাস। এতে বাসের নিচে চাপা পড়ে সিভিল এভিয়েশনের এক প্রকৌশলী নিহত হয়েছেন। নিহতের নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস।
এসআই সুমন চন্দ্র দাস বলেন, রাইদা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল এভিশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। বাসচাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলা টিভি /এমএএইচ



