দেশে মানুষের নিরাপত্তা নিয়ে কোন সংকট নেই: ওবায়দুল কাদের

দেশে মানুষের নিরাপত্তা নিয়ে কোন সংকট নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, রাজনীতির বিরোধীতার জন্যই নিরাপত্তাহীনতার কথা বলছেন অনেকে। সকালে রাজধানীর ধানমন্ডিতে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপি নেতাদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগের কড়া সমালোচনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে, দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের পুরনো ঐতিহ্য। যে কোন দুর্যোগে সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছেন তারা। তবে রমজানে অসহায় মানুষের পাশে না থাকায়, বিএনপি নেতাদের সমালোচনা করেন তিনি।
একটি রাজনৈতিক দল দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ অতিতের যে কোন সময়ের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে। মানুষ এখন শতভাগ নিরাপত্তা পাচ্ছেন।
বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, মির্জা ফখরুলের এমন অভিযোগের কড়া সমালোচনা করেন তিনি।
এ ছাড়া অসহায় মানুষের কথা বিবেচনায় নিয়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সরকার কাজ করছে বলেও জানান, আওয়ামী লীগের এই শীর্ষনেতা।
বাংলা টিভি / বুলবুল



