জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রত্যুষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিক মিশনের কর্মকর্তারা। ভোরের আলো ফোটার সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে জানান দেয়া হয় আজ বাংলাদেশের অভ্যুদ্বয়ের দিন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এবছর স্বাধীন জাতি হিসেবে গৌরবের পথচলার ৫৩ বছর পূর্ণ হলো।
এবছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অন্ষ্ঠুানে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয় ৭১ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশ ভুটানের রাজা জিগমে খেসার নামগেয়াল ওয়াংচুককে। রাষ্ট্রপতি মোহাম্মদ মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমন্ত্রিত বিশিষ্ট অতিথি ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে প্রত্যুষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের সশস্ত্র সালাম জানানো হয়। পরে দলীয় নেতাদের সাথে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভুটানের রাজা-রানী এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের শ্রদ্ধার পর্বের পর জাতির সূর্য সন্তানদের প্রতি জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এর পর শ্রদ্ধা জানান, ডেপুটি স্পিকার, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশে কর্মরত বিদেশী কূটনীতিকরা।
জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডি-৩২ নম্বরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
বাংলা টিভি/ রাজ



