Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপএশিয়া

বদলার ঘোষণা দিমিত্রি মেদভেদেভের

রাশিয়ার রাজধানী মস্কোতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার বদলা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মুখপাত্র বলেছেন, সন্ত্রাসীরা শুধু প্রতিশোধমূলক সন্ত্রাস বোঝে। তারা কোনো বিচার বা তদন্ত বোঝে না।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে শনিবার (২৩ মার্চ) এক পোস্টে মেদভেদেভ বলেন, ‘সন্ত্রাসীরা শুধুমাত্র সন্ত্রাসের ভাষা বোঝে। কোনো তদন্ত বা বিচার কাজে আসবে না যদি বলপ্রয়োগ করা না যায়, যদি সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড এবং তাদের পরিবার-স্বজনদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়। আমাদের সামনে আর কোনো উপায় নেই।’

মেদভেদেভ আরও বলেন, ‘যদি এটি প্রমাণ হয় যে, এরা মৌলবাদী শাসনের সন্ত্রাসী, তবে তাদের এবং তাদের আদর্শিক অনুপ্রেরণাকারীদের সঙ্গে ভিন্নভাবে মোকাবেলা করা অসম্ভব। তাদের সবাইকে খুঁজে বের করতে হবে এবং রাষ্ট্রের কর্মকর্তাসহ যারা এ ধরনের নৃশংসতা চালিয়েছে তাদের নির্দয়ভাবে ধ্বংস করতে হবে।

এদিকে মস্কোর ওই কনসার্ট হলে বন্দুকধারীদের গুলিতে মৃতের সংখ্যা বেড়ে ১১৫-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

হামলা বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড”: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোর কনসার্ট হলে হামলাকে ‘বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন।

তিনি অঙ্গীকার করেন, হামলার সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে।তিনি ২৪ মার্চ রোববারকে শোকদিবসও ঘোষণা করেছেন।

২৪ ঘণ্টা কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল : মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিওভ বলেছেন, উদ্ধারকর্মীরা কনসার্ট হলের ধ্বংসস্তূপের মধ্য তল্লাশি চালাবেন।

টেলিগ্রামে একটি পোস্টে তিনি বলেছেন, “উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে চব্বিশ ঘণ্টা কাজ করছে। উদ্ধার কাজ অন্তত আরো কয়েক দিন চলবে।”

রাশিয়ার তদন্ত কমিটি টেলিগ্রামে প্রথমে বলেছে, “৯৩ জন মারা গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।” পরে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১৫ জনে।

শিশুকল্যাণ বিভাগের ন্যায়পালের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মস্কোর এই হামলায় আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

রাশিয়া বলেছে, সন্দেহভাজনদের মধ্যে চারজন মস্কোর উপকণ্ঠে কনসার্ট হলে হামলার সঙ্গে সরাসরি জড়িত।

মস্কোর উত্তর-পশ্চিমে অবস্থিত ক্রাসনোগর্স্ক শহরে কনসার্ট শুরুর কিছুক্ষণ আগে ছদ্মবেশধারী সন্ত্রাসীরা ক্রোকাস সিটি হলে প্রবেশ করে গুলি চালায়।

শলৎস ‘ভয়ানক সন্ত্রাসী হামলারনিন্দা করেছেন : জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস মস্কোতে “নিরপরাধ মানুষদের উপর ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার” নিন্দা করেন৷

শনিবার বিবৃতিতে তিনি বলেন, “নিহতদের পরিবার এবং আহতদের পাশে রয়েছি আমরা।”

হামলার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স: জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোতে সন্ত্রাসী হামলার বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে।

তারা এক্স প্ল্যাটফর্মে লিখেছে, “মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে নিরপরাধ মানুষের ওপর মারাত্মক এই হামলার ছবিগুলো ভয়াবহ। এর প্রেক্ষাপট বিচার করে দ্রুত তদন্ত করা উচিত।”

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, মস্কোর ঘটনা ভয়াবহ। তারা এক্সে লিখেছে, “এই জঘন্য কাজের কারণ জানার জন্য সবরকম প্রচেষ্টা করতে হবে।”

জাতিসংঘের বার্তা : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মস্কোকে সহযোগিতার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে “রাশিয়া সরকার এবং অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে সক্রিয়ভাবে সহযোগিতা” করার জন্য সমস্ত রাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ।

এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছে, “সন্ত্রাসবাদের নিন্দনীয় কর্মকাণ্ডের” অপরাধীদের এবং মদতদাতাদের অবশ্যই জবাবদিহি করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে।

পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, “নিরাপত্তা পরিষদের সদস্যরা এই জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।”

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button