Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের

মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী জাতীয় দলের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম অংশে দারুণ বোলিংয়ে আশা জাগালেও ব্যাটারদের ব্যর্থতায় বড় হারই সঙ্গী হল বাংলাদেশের।
প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ১১৮ রানের। দলটির ৭ উইকেটে ২১৩ রানের জবাবে স্বাগতিকরা ৩৬ ওভারে গুটিয়ে যায় ৯৫ রানে।৷ তিন ম্যাচ সিরিজের পরের ম্যাচ আগামী ২৪ মার্চ।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। ইনিংসে দ্বিতীয় বলে উইকেট বিলিয়ে আসেন ওপেনার ফারজানা হক। রানের খাতা খোলার আগেই মেগান স্কাটের বলে অ্যালিশা হিলির তালুবন্দি তিনি। দলীয় ২১ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাশলে গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ রান করা মুর্শিদা।

তৃতীয় উইকেট জুটিতে ম্যাচ কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে স্বাগতিকরা। আরেক ওপেনার সোবহানা মুস্তারি ও জ্যোতি মিলে ৪৯ রানের জুটি গড়েন। তবে, ১৭ রান করে অ্যালানা কিংয়ের বলে মুস্তারি বোল্ড হলে আরও একবার ভিত নড়বড়ে হয়ে যায়। এরপর চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। পরপর তিনটি রানআউটে ম্যাচ থেকে ছিটকে পড়েন বাংলার নারীরা। ফাহিমা খাতুন ও রিতু মনি দুজনই এক রান করে রানআউট হন। জ্যোতি ফিরে যান দরীয় সর্বোচ্চ ২৭ রান করে। তবে, এর জন্য তিনি খেলেছেন ৬৪ বল।

লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ। থেমে যায় ৯৫ রানে।

এর আগে মেঘলা আবহাওয়া কাজে লাগাতে টস জিতে আগে বোলিং নিয়েছিলেন নিগার। সাফল্যও মিলে যায় দ্রুত। দ্বিতীয় ওভারেই আঘাত হানেন সুলতানা খাতুন। ফোবি লিচফিল্ডকে ক্লিন বোল্ড করেন রানের খাতা খোলার আগেই।
পাওয়ার প্লেতে দারুণ বোলিং করা সুলতানা এরপর দলকে আবারও আনন্দের উপলক্ষ এনে দেন এলিসা পেরিকে ফিরিয়ে। অজি তারকা করেন মাত্র ২ রান।

নিয়ন্ত্রিত বোলিংয়ে অস্ট্রেলিয়ার চাপ বাড়িয়ে ৭৮ রানেই ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় রেকর্ড ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শুরুটা করেন গার্ডনার, খেলেন ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

তবে মূল কাজটা করেন অ্যানাবেল সাদারল্যান্ড ও আলানা। অষ্টম উইকেটে অপরাজিত ৬৭ রানের জুটি গড়েন তারা, যা বাংলাদেশের বিপক্ষে এই উইকেটে এখন সর্বোচ্চ রানের জুটি।

ফাহিমা খাতুনের করা ইনিংসের ৫০তম ওভারে ঝড় বইয়ে দেন আলানা। ৪টি ছক্কা ও এক বাউন্ডারিতে সেই ওভারে আসে ২৭ রান। ৩১ বলে ৪৬ রান করেন আলানা। অন্যপ্রান্তে অ্যানাবেল অপরাজিত থাকেন ৫৮ রানে। স্বাগতিকদের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা ও সুলতানা।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২১৩/৭ ( হিলি ২৪, লিচ ০, পেরি ২, মুনি ২৫, ম্যাকগ্রা ৯, গার্ডনার ৩২, সাদারল্যান্ড ৫৮*, জর্জিয়া ১২, অ্যালানা ৪৬*; মারুফা ৭-০-২২-১, সুলতানা ১০-০৪২-২, নাহিদা ১০-১-২৭-২, রাবেয়া ১০-০-৩৩-০, ফাহিমা ৯-০-৬৭-১, স্বর্ণা ৪-০-১৯-১)
বাংলাদেশ : ৩৬ ওভারে ৯৫/১০ (ফারজানা ০, মুস্তারি ১৭, মুর্শিদা ১০, জ্যোতি ২৭, ফাহিমা ১, রিতু ১, স্বর্ণা ৬, রাবেয়া ৫, সুলতানা ২, নাহিদা ৩*, মারুফা ০; স্কাট ৬-১-৫-১, গার্থ ৭-১-২৬-২, গার্ডনার ৫-১-২২-৩, জর্জিয়া ৪-০-১৭-০, অ্যালানা ১০-৩-১২-১, পেরি ৪-১-৫-০)
ফল : অস্ট্রেলিয়া ১১৮ রানে জয়ী।

সংশ্লিষ্ট খবর

Back to top button