Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগবাংলাদেশ

তীব্র শীতের কবলে সারাদেশ, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশনা

তীব্র শীতের কবলে সারাদেশ, ঘনকুয়াশার দাপটে বেলা বাড়লেও সূর্যের দেখা না মেলায়, ঠান্ডায় কাবু হয়ে পড়েছে রাজধানীসহ দেশের প্রায় সব এলাকা। জনজীবন স্থবির হয়ে পড়েছে। এদিকে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।

কুয়াশায় দুর্ঘটনা এড়াতে, সড়কে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। তবে বিভিন্ন এলাকায় নদ-নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে ঠান্ডার প্রকোপ বেশী থাকায়, সেখানকার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ কষ্টে রয়েছেন। টানা শীতে বয়স্ক মানুষ আর শিশুরা ঠান্ডাজনিত অসুস্থতায় পড়ছেন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

দেশের যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সিদ্ধান্ত জানিয়েছে  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

মাউশি অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেবে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। মাউশির আঞ্চলিক উপ-পরিচালকরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এই নির্দেশ দেবেন।

মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এই নির্দেশনা সারাদেশের আঞ্চলিক উপ-পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেছেন, তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নামলে মাধ্যমিক স্তরের ন্যায় প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ থাকবে। সারাদেশের বিভাগীয় উপ-পরিচালকরা বিষয়টি তদারকি করবেন বলেও জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button