Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজাতীয় নির্বাচন

নির্বাচন সুষ্ঠু করতে সব থানার ওসি বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে দেশের সব থানার ওসিদের বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ নির্দেশ দেয়া হয়।

চিঠিতে ইসি বলেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য দেশের সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রথম পর্যায়ে বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক কর্মরত ওসিদের বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠাতে হবে।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর), বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।

বাংলা টিভি /এএইচএমএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button