Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনসরকার

সিল মারার ছবি-ভিডিও প্রচার হলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: সিইসি

ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোট কেন্দ্রের ভেতরে যদি সিল মারা হতে থাকে, কেউ না কেউ হয়তো ছবি-ভিডিও তুলে ফেলে, সেটা প্রচার হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক দ্বিতীয় দফা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, ‘ভোটারদের ভোটাধিকার প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। ভেতরে যদি সিল মারা হতে থাকে, কেউ না কেউ হয়তো ছবি-ভিডিও তুলে ফেলবে। সেটা যখন প্রচারিত হবে, তখন আমাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। কেন এটা হলো? আমাদের ব্যর্থতা অথবা অদক্ষতার বিষয়টি আসতে পারে।’

উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন, যাতে নির্বাচন সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। এ চেষ্টা কীভাবে করবেন, সেটা জানি না। কারণ, ওই জ্ঞান আমার নেই, আপনাদের আছে। আমাদের বার্তা হচ্ছে, নির্বাচন শান্তিপূর্ণ আর সুশৃঙ্খল করবেন। গতকাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বলেছি। তিনিও চেয়েছেন, নির্বাচন যেন সুশৃঙ্খল হয়। সুশৃঙ্খল আমি করাতে পারব না, আপনাদেরই করাতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও আনিছুর রহমান। আরও ছিলেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

সংশ্লিষ্ট খবর

Back to top button