Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচনরাজনীতিসরকার

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন

নির্বাচনি সংবাদ সংগ্রহে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য সংশোধিত নীতিমালা জারি করে ইসি।

সংশোধিত নীতিমালায় বলা হয়, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার প্রদান করা হবে। প্রয়োজনীয়তার নিরিখে ও বাস্তবতার আলোকে স্থানীয় প্রশাসন (রিটার্নিং অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসার সমন্বিতভাবে) প্রকৃত সাংবাদিকদের ভোটকেন্দ্রে গমনাগমন করতে, সংবাদ সংগ্রহের লক্ষ্যে সীমিত পর্যায়ে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে পারবেন।

সংশোধিত নীতিমালায় আরোও বলা হয়, সংশ্লিষ্ট সাংবাদিককে স্ব স্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রেস আইডির কপি, এনআইডির কপি এবং যে মোটরসাইকেল ব্যবহার করা হবে সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। সঠিকতা যাচাই করে রিটার্নিং অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেবেন। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার প্রদান করা হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।

এর আগে গত ১২ এপ্রিল ইসির জারি করা নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ইসির করা নীতিমালায় ‘গাড়ির স্টিকার’ অংশে উল্লেখ করা হয়েছিল, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।

গত ১৩ এপ্রিল সাংবাদিক নীতিমালা প্রকাশের পর দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই বিষয় উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেছিলেন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button