ঢাকায় আসছেন দুই কংগ্রেসম্যান

আজ শনিবার (১২ আগস্ট) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। তাদের সফরকাল হবে চারদিন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে কংগ্রেসম্যানরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন,পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক,রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে নির্বাচনসহ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই কংগ্রেসম্যানের ঢাকা সফরের বিষয়ে সাংবাদিকদের বলেছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না, সেটি দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ দুই কংগ্রেসম্যান এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই, তারা দেখবেন কীভাবে তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে।
গত ৬ আগস্ট রাতে ঢাকা সফরে এসেছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ।



