বাড়ছেই নিত্যপণ্যের দাম

লাগামহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। পেঁয়াজ, কাঁচামরিচ, সবজি ও মাছ-মাংসের দাম বেড়েই চলছে। বাড়তি দামের কারণে দোকানিরা দোকানে চিনি তুলছে না। এর ফলে, বাজারে এই নিত্যপণ্যটির তীব্র সংকট দেখা দিয়েছে। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে প্রায় সব পণ্যের বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আমদানি করা চায়না আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। আর দেশি আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকার বেশি দামে। রসুনের দামও দেড়শ ছুঁইছুঁই।
বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম এখন ১৫০ টাকা। বাজারে চিনির সংকটও রয়েছে বেশ। সয়াবিন তেল বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামেই।
এদিকে, স্বস্তি নেই সবজির বাজারেও। ৮০ টাকার নিচে মিলছে না কোনও সবজি। কাঁচামরিচ ও ধনে পাতার দাম দাম ২শ’ ছাড়িয়েছে। সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্রয়লার মুরগী প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৩০ টাকা দরে।



