বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ এসোসিয়েশন নেতৃবৃন্দের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতারা। আজ রোববার (২৬শে মার্চ) সকালে সংগঠনটির সভাপতি ফয়সল আজিজ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এলাহীর নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ফয়সল আজিজ ভূঁইয়া বলেন, যারা ১৫ই মার্চ, ২৫শে মার্চ, ২৬শে মার্চ মানে না সেসব সাম্প্রদায়িক অপশক্তিকে বাংলাদেশ থেকে, বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। আমরা আগামীদিনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিরোধ করবো। যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেবো। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এলাহী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এছাড়া, ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে তাদেরকে রাজপথে প্রতিহত করতে হবে। এই অপশক্তি যেন কোনভাবেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে সবসময় সজাগ থাকতে হবে।
সংগঠনের নেতৃবৃন্দের ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। এ সময় তারা ‘স্বাধীনতার অপর নাম শেখ মুজিবুর রহমান’ ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নাই’ স্লোগান দিতে থাকেন।

এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রগ্রেসিভ এক্স স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আবু সুফিয়ান, মোসলেহ উদ্দিন আহমেদ মোসা, তানভীর হাসান, দীন মোহাম্মদ, অজিত সরকার, জুয়েল রানা, আল মামুন, দিদার সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



