আজকের শিশুরা বড় খেলোয়াড় হয়ে দেশের সুনাম আনবে: প্রধানমন্ত্রী

স্কুল টুর্নামেন্টের মধ্য দিয়েই দেশে ভালো খেলোয়াড় তৈরি হবে, যারা আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বয়ে নিয়ে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২’এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় খেলাধুলার উন্নয়নে আন্তঃস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বিকেলে, বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই বিজয়ীদের অভিনন্দন জানিয়ে, সবাইকে আগামীর জন্য প্রস্তুত হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই দেশের খেলাধুলার উন্নয়নে কাজ করেছে। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনতেই প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। আজকের শিশুরাই আগামীতে ফুটবল বিশ্বকাপ জিতবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
দেশে খেলাধুলার উন্নয়নে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের মাঝে প্রতিযোগিতামূলক আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি শিশুদের মানবিক গুনাবলি নিয়ে বেড়ে ওঠার আহবান জানান, সরকারপ্রধান।পরে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



