বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি মনিন্দ্র কিশোর

কুমিল্লার বরুড়া জনকল্যাণ সমিতি ঢাকা’র ২০২৩-২০২৫ নির্বাচনে কার্যকরী সভাপতি পরিষদে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার। শনিবার (১৮ মার্চ) রাজধানীর পল্টনে রিজ আহমেদ স্কয়ার ভবনে সমিতির কার্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসময় ঢাকায় অবস্থানরত বরুড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে বিকেলে পাঁচটায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনী বোর্ডের সভাপতি ছিলেন, হক গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল হক।

ফলাফলে ১৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার। তিনি আগামী ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। অপরদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থি পেয়েছেন মাত্র ০৭ ভোট। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল সামাদ।

এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নূর উদ্দিন খন্দকার স্বপন, আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কাসেম, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক ডা: এহতাশামুল হক শামীম, নির্বাহী সদস্য কামরুজ্জামান রিমন, বোরহান ইউ মিয়াজী, জামাল হোসেন।

নির্বাচনে কুমিলা-৮,বরুড়া আসনের সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী নজরুল, বরুড়া পৌরসভার মেয়র মো. বক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন লিংকন, বড় হরিপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সহিদ উল্লাহ্ ও সিঙ্গাপুর প্রবাসী মো. আনোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



