আগামী বছরের মধ্যে বাংলাদেশ দেড় ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক স্পর্শ করবে: প্রধানমন্ত্রী

আগামী বছরের মধ্যে বাংলাদেশ দেড় ট্রিলিয়ন অর্থনীতির মাইলফলক স্পর্শ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন অনেক উন্নয়ন অংশীদার তাদের সুদের হার বাড়িয়ে দিয়েছে, ফলে উন্নয়ন ব্যহত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বুলবুল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত।
রাজধানীর একটি হোটেলে, বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘ ৫০ বছর ধরে, এডিবি’র সহযোগিতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে অচিরেই বাংলাদেশের অর্থনীতি, বিশ্বের উন্নত দেশের কাতারে পৌঁছুবে। সে লক্ষ বাস্তবায়নে সুশৃঙ্খল ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে, উন্নয়ন যাত্রা এগিয়ে চলছে বলে জানান তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীন সময়, অনেক উন্নয়ন অংশীদার তাদের সুদের হার বাড়িয়ে দিচ্ছে, যা বিভিন্ন প্রকল্পের অনিশ্চিয়তা ও বোঝা তৈরি করছে বলেও জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সংকটকালীন সময়ে সহজ শর্তে সহায়তা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি’র সহযোগিতা বেড়েছে বলেও জানান সরকার প্রধান।



