বিনিয়োগ করুন, সকল সহযোগিতা নিয়ে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তরের যাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বিনিয়োগের জন্য সর্বক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত, বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ উদ্বোধন করে এসব কথা বলে প্রধানমন্ত্রী। তিনি বলেন, ব্যবসা-বানিজ্যের উন্নয়নে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্য সেতুবন্ধন হতে চায় বাংলাদেশ।
১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও, ২শ’র বেশি-বিদেশী বিনিয়োগকারী এবং বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিন ব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ আয়োজন করেছে এফবিসিসিআই। সকালে আয়োজনে যোগ দিয়ে, এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট রাষ্ট্রে রূপান্তরে কাজ করছে তাঁর সরকার। এ অগ্রযাত্রাকে মসৃণ করতে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশ্বের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সার্বিক সহযোগিতা নিশ্চিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে।
এছাড়া, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ব্যবসায়ীদের সবধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। আগামীতে ব্যবসা-বানিজ্য সম্প্রসারণে বাংলাদেশ বিশ্বের সকল দেশের সাথে যোগাযোগ নেটওয়ার্কের সেতুবন্ধন হয়ে উঠতে চায় বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বক্তৃতায়, নিত্যপণ্যের বাজারদর সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাযর মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান সরকারপ্রধান।
বাংল টিভি / বুলবুল



