কোস্টগার্ডকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

কোস্টগার্ডকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নানা দুর্যোগে মানুষের পাশে থাকায়, কোস্টগার্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। এসময় সমুদ্রে অভিভাবকত্ব প্রতিষ্ঠার মাধ্যমে উপকূলবাসীর প্রকৃত বন্ধু হতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে কোস্ট গার্ড সদরদপ্তরে, বাংলাদেশ কোস্টগার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানের শুরুতে এই বাহিনীতে গৌরবজনক অবদানের স্বীকৃতিস্বরূপ, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ বেশ কয়েকজন বিসিজি সদস্যের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির জ্ঞানসহ কোস্টগার্ডকে একটি উন্নত ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে কাজ করে যাচ্ছে তার সরকার।
সমুদ্র এবং উপকূলে অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করে, উপকূলের কোস্ট গার্ড নিরীহ ও অসহায় মানুষের পাশে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,কোস্ট গার্ড তাদের কর্মকাণ্ডের জন্য, সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে ।
অনুষ্ঠান শেষে কোস্ট গার্ড সদস্যদের অংশগ্রহনে, এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



