নৌকার ওপরেই আস্থা রাখুন: রাজশাহী জনসভায় শেখ হাসিনা

জনগণ আওয়ামী লীগের ওপর আস্থা রেখেছে, সেজন্যই দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে- বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায়, একথা বলেন বঙ্গবন্ধু কন্যা। এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও নৌকায় ভোট চান শেখ হাসিনা। এর আগে, রাজশাহীবাসীর জন্য একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
দীর্ঘ ৫ বছর পর, রাজশাহীতে দলীয় জনসভায় যোগ দিলেন আওয়ামী সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশস্থলে গিয়ে, শুরুতেই ১ হাজার ৩১৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত ২৬টি প্রকল্প উদ্বোধন এবং ৬টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।
জনসভায় বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পগুলো রাজশাহীবাসীর জন্য উপহার।
আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে এসময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যতবারই ক্ষমতায় এসেছে সবসময় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, যারা লুটপাট করেছিলো তারা আজ পালিয়ে বেড়ায়। বিএনপিসহ অন্যদের আমলে জনগণের টাকাপাচার করে দেশকে ধ্বংসের মুখে ফেলে দেয়া হয়েছিলো। আওয়ামী লীগ সরকারে আসার পর, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়ে আজ মর্যাদাসীন উচ্চতায় পৌছেছে বাংলাদেশ।
এসময় বৈশ্বিক সংকট পরিস্থিতি মোকাবেলা করে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে, আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।



