সাধারণ মানুষের গায়ে হাত দিলে বিএনপি-জামায়াতের রক্ষা নেই: প্রধানমন্ত্রী

এবার সন্ত্রাস নৈরাজ্য করলে বিএনপি-জামায়াতকে কোনরকম ছাড় দেয়া হবেনা বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের (বিএনপি-জামায়াতের) রক্ষা নেই। মানুষের জানমাল আর অধিকার রক্ষা করাই সরকারের দায়িত্ব।
সকালে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ:বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খন্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,২০১৩-১৪ সালে,দেশের ৩ হাজার ৬শ’ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের হাত থেকে কেউ রক্ষা পায়নি। আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি,কল্যাণ ও উন্নয়ন চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় জাদুঘরে এ সংক্রান্ত্র ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বলা হয়, বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে নিরপরাধ মানুষের ওপর নির্মম হামলা চালিয়েছে। অনুষ্ঠানে যোগ দেন ভুক্তভোগী পরিবারের সদস্যরাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সাথে কুশল বিনিময় করেন। শোনেন তাদের আর্তনাদ-দুর্দশার কথা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তারা বলেন, রাজনীতির সাথে জড়িত না থেকেও অপরাজনীতির শিকার তারা।



