Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

জেল হত্যা দিবসে স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি কণ্ঠশিল্পী ডা. অরূপ রতন চৌধুরী, কণ্ঠশিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এর আগে, দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে ও পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ১৫ আগস্টে সকল শহীদ ও ৩ নভেম্বর কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর জেল হত্যা দিবসের সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। সংগঠিনটির পক্ষ থেকে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন তারা।

এসময় বক্তারা বলেন, জিয়াউর রহমান হাজার হাজার সেনা মুক্তিযোদ্ধাদের হত্যা করেন। বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিলেন জেনারেল জিয়াউর রহমান। খালেদা জিয়া তারেক জিয়াও হত্যার রাজনীতি সূচনা করেছিলেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছিল তারেক জিয়ার নির্দেশে। এখনো তারা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা জানে জনগণের ভোটের বিএনপি কখনো নির্বাচিত হতে পারবে না, তাই ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছেন।

বক্তারা আরও বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করছে বিএনপি-জামায়াত। তারেক জিয়ার সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করুক।বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের মাটিতে বসে বিএনপি পরিচালনা করছে তারেক জিয়া। তিনি দণ্ডপ্রাপ্ত আসামি,খালেদা জিয়াও দণ্ডপ্রাপ্ত আসামি। জননেত্রী শেখ হাসিনা দয়া করে তাকে জামিন দিয়েছেন।

এসময় মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সকল শক্তিকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বাংলার মাটি থেকে চিরতরে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান তারা।

 

বাংলা টিভি/অজিত

সংশ্লিষ্ট খবর

Back to top button