
সব নিবন্ধিত দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
আহসান হাবিব খান বলেন, যে অভিযোগগুলো আসছে সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করি তা দেখেন। দেখেন আমরা কী করি, শুধু অপেক্ষা করেন। অবশ্যই চমক থাকবে।৩৯টি দলের জন্যই আমরা কাজ করছি। সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্যই আমরা কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের একাধিকবার বলেছি কোন কাজটা ভুল করছি তা বলার জন্য, কিন্তু বলছেন না।
অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কী করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সমুন্নত রাখতে হবে। সংবিধানে যা আছে, আমরা সেটাই করবো। যারা যারা নির্বাচনে আসছে না, আমরা মনে-প্রাণে চাই তারা আসুক। এখন যদি আমরা বলতেই থাকি, তারা যদি না আসে আপনিই বলেন কী করতে হবে?এ পর্যন্ত অসংখ্য ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া-পাল্টা ধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না।
বাংলাটিভি/শহীদ



