
১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা জাতির জনকের সোনার বাংলা গড়ার স্বপ্নকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৩ বছরে সততা, সাহসিকতা আর দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত বাংলাদেশ ডিজিটাল হয়েছে, খাদ্যেও হয়েছে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার এবং প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ডালের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন বাংলাদেশ খাদ্য উৎপাদনে এখন বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। আর মৎস্য উৎপাদনে চতুর্থ। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত মুক্তির সংগ্রাম সমাপ্ত করেছেন। তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষা নিচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলার তরুণ-তরুণীরা আইটি প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সার, ই-কর্মাস উদ্যোক্তা হয়ে বাড়িতে বসেই কাজ করছেন। এছাড়া শেখ হাসিনা ৬৮ হাজার কৃষকদের নামে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। যাতে কৃষকরা ভর্তুকির টাকা নিজের অ্যাকাউন্টে সরাসরি পান। কেউ যেন তাদের সঙ্গে অনিয়ম ও দুর্নীতি করতে না পারে। কৃষকরা যেন যথাযথভাবে কৃষি ফসল উৎপাদন করতে পারেন, সেজন্য শেখ হাসিনা কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও সেচের ব্যবস্থা করেছেন। এর সুফল সারা দেশের মতো সিংড়ার কৃষকরাও পেয়েছেন।
বাংলাটিভি/শহীদ



