Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্য

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের (বিডিএমএ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বনানীর একটি রেস্তোরাঁয় এনটিভির খন্দকার ফকরউদ্দীন আহমেদকে আহ্বায়ক ও চ্যানেল আইয়ের মো. আজিম হোসেনকে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে গঠিত এ সংগঠনের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দীপ্ত টিভির মোহাম্মদ আবু নাসিম, চ্যানেল ২৪-এর রিয়াজুল আলম রাব্বী, মাছরাঙা টেলিভিশনের মো. তামজিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের পলাশ দাস, ঢাকা পোস্টের মো. হাসিবুল হাসান, একুশে টেলিভিশনের জয়ন্ত চট্টোপাধ্যায় ও ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল।

একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট উপ-কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার আজাদ বেগ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মিল্লাত হোসেন, নাগরিক টিভির রবি শংকর দাস, জাগো নিউজের জিয়া উদ্দিন ও এনটিভি অনলাইনের আবু এহসান সিদ্দিক রাজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের মাহফুজুর রহমান, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, মোহনা টিভির মোশাররফ খান বাদল, নয়া শতাব্দীর মেহেদি হাসানসহ টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা।

আগামী ২৮ আগস্ট সংগঠনের পরবর্তী বৈঠকের আহ্বান করা হয়েছে। এর আগে গত জুনে প্রথম বৈঠক হয়। সেখানে বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (বিডিএমএ)-নামে এই সংগঠনের নাম ঠিক করা হয়।

গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সঠিক রূপরেখা তৈরিতে কার্যকর ভূমিকা রাখা, নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলা, ফেসবুক-ইউটিউবের কপিরাইট ম্যানেজমেন্টকে সুষ্ঠুভাবে পরিচালনাসহ সংবাদকর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং সবার জন্য নিরাপদ গণমাধ্যমের আধেয় প্রকাশ করে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই বিডিএমএর প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্ট খবর

Back to top button