
রাজধানীসহ সারাদেশের সঙ্গে দক্ষিণ জনপদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করেছে পদ্মা সেতু। স্বপ্নজয়ের পদ্মা সেতুতে নির্বিঘ্নভাবে চলাচল করছে বিভিন্ন যানবাহন। স্বস্তির যাতায়াতে সন্তোষ প্রকাশ করেছেন চালক-যাত্রীসহ সর্বস্তরের মানুষ। এছাড়া দুরদুরান্তের পন্য পরিবহনও হচ্ছে আগের চেয়ে অনেক কম সময়ে। ফুরিয়েছে সেই পথের নিত্যভোগান্তির দিন। এদিকে, প্রথমদিন পদ্মা সেতুতে উৎসুক মানুষের ঢল এবং মোটরবাইক দুর্ঘটনার পর, আপাপত সেতুর উপর দিয়ে আজ থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে।
নির্ধারিত হারে টোল পরিশোধ করে এখন স্বাভাবিকভাবে পদ্মা সেতুতে চলাচল করছে বিভিন্ন যানবাহন। দিনভার দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন জেলাগামী যানবাহনের চাপ টোলপ্লাজায়।
সকালের দিকে কিছুটা চাপ থাকলেও পরে তা কমে যায়। ফেরি বা অন্যান্য নৌযানের ঝক্কি-ঝামেলা ছাড়াই মুহূর্তের মধ্যেই পদ্মা নদী পাড়ি দেয়ার আনন্দে এখন উচ্ছসিত এ পথের যাতায়াতকারীরা। পদ্মা সেতুর ওপর নিমেষেই ছুটে চলছে গাড়ি।
সেতুর কাছাকাছি আসা মাত্রই বিভিন্ন যানবাহনের যাত্রীদের চোখমুখে খুশির ঝিলিক।এদিকে, পদ্মা সেতু উপর দিয়ে আপাতত মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছে। পদ্মা সেতুর যান চলাচল নির্বিঘ্ন করতে, কর্তৃপক্ষ এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করেছেন।



