
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতকের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।
এ ইউনিটে ১ হাজার ৩৩৬ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৭৮ হাজার ২৯ জন। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন ৫৮ জন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এর আগে, গত শুক্রবার (৩ জুন) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিট, শনিবার (৪ জুন) ‘খ’ ইউনিটের পরীক্ষা এবং সব শেষ ১০ জুন ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৩৫ জন শিক্ষার্থী এবার ঢাবিতে ভর্তির সুযোগ পাবেন। এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। সে হিসাবে সামগ্রিকভাবে প্রতি আসনে লড়ছেন ৪৮ জন।
বাংলাটিভি/জাবেদ



